জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবিব। এর আগে তিনি পদ দুটি ভারপ্রাপ্ত হিসেবে পালন করছিলেন। আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে মো. আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে ১৫তম বিসিএসের কর ক্যাডারে জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দেন।
বিসিএস (কর) একাডেমির বিভাগীয় প্রশিক্ষণেও প্রথম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ফাউন্ডেশন কোর্স এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রশিক্ষণে সর্বোচ্চ ‘এ-প্লাস’ গ্রেড পান।
দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া আহসান হাবিব ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ইউরোপের বিভিন্ন দেশে কর নিরীক্ষা, ট্রান্সফার প্রাইসিং, কর মূল্যায়ন, তদন্ত ও ডিজিটালাইজেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক), বিসিএস (কর) একাডেমি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিতে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন তিনি।
জ/উ