বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সংঘর্ষ-ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সে আবারও ব্যাপক বিক্ষোভে অচল হয়ে পড়েছে প্রধান শহরগুলো। রাজধানী প্যারিসসহ লিওঁ, লিল, তুলুজ, নঁত, মার্সেই ও বোর্দোয় লাখো মানুষ রাজপথে নেমেছেন। গতকাল কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার। চালানো হয়েছে ব্যাপক তল্লাশি ও ধরপাকড়।

2026-10-25T10:22:02+06:00
2026-10-25T10:22:02+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, সংঘর্ষ-ধরপাকড়
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:২২ এএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ফ্রান্সে আবারও ব্যাপক বিক্ষোভে অচল হয়ে পড়েছে প্রধান শহরগুলো। রাজধানী প্যারিসসহ লিওঁ, লিল, তুলুজ, নঁত, মার্সেই ও বোর্দোয় লাখো মানুষ রাজপথে নেমেছেন। গতকাল কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার। চালানো হয়েছে ব্যাপক তল্লাশি ও ধরপাকড়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য এবং সরকারি সেবার অবনতির প্রতিবাদে গত ১৭ অক্টোবরের বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর এবার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে ফরাসি সরকার। আগের সপ্তাহের তুলনায় গতকাল ১০ হাজার বেশি পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন করা হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিশেষায়িত ইউনিট, সাঁজোয়া যান, হেলিকপ্টার, পুলিশ কুকুর ও জলকামান প্রস্তুত রাখা হয়। প্যারিসের শঁজেলিজে এলাকায় সেনাসদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ গতকাল গণমাধ্যমকে জানান, দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভের আগে ও চলাকালে তল্লাশি চালিয়ে ধাতব বল, সিসার ছররা, আতশবাজি, গুলতি, তাৎক্ষণিকভাবে তৈরি অস্ত্র, কাতানা ও এয়ারসফট অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘সহিংসতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো চেষ্টা সহ্য করা হবে না।’

রাজধানী প্যারিসের বড় একটি অংশ কার্যত কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় আনা হয়। সম্ভাব্য ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় দোকানের কাচের সামনে কাঠের প্যানেল লাগান ব্যবসায়ীরা। ল্যুভর, মিউজে দ’অরসে ও প্যারিস অপেরাসহ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বন্ধ করা হয় ২০টির বেশি মেট্রো স্টেশন।

গত সপ্তাহে দেশজুড়ে হাজার হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া বা লুটপাটের শিকার হওয়ার পর এবার অনেক ব্যবসায়ী সতর্কতামূলকভাবে নিজেরাই প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

প্যারিসে অনুমোদিত মূল মিছিলটি অবশ্য বড় ধরনের সংঘর্ষ ছাড়াই শেষ গন্তব্য পোর্ত দ্য ভিনসেনে পৌঁছায়। তবে মিছিলের পথ নির্ধারণ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সরকার ও আয়োজকদের মধ্যে টানাপড়েন চলে। পুলিশ বাস্তিল থেকে নাসিওঁ পর্যন্ত পূর্বনির্ধারিত পথ বাতিল করে শহরের দক্ষিণ-পূর্ব প্রান্ত দিয়ে নতুন পথ নির্ধারণ করে।

কর্তৃপক্ষের দাবি, আগের সপ্তাহে যেসব এলাকায় ব্যাপক লুটপাট হয়েছিল, সেসব বাণিজ্যিক এলাকা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বামপন্থী নেতারা একে বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

রাজধানীর বাইরে পরিস্থিতি ছিল তুলনামূলক বেশি উত্তপ্ত। লিওঁ, লিল, তুলুজ ও নঁতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। নঁতে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা ঠেকাতে জলকামান, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয়। বোর্দোয় পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছোড়া এবং ব্যারিকেড তৈরির খবরও পাওয়া গেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, গতকাল দেশজুড়ে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে বিক্ষোভের অন্যতম আয়োজক ট্রেড ইউনিয়ন সিজিটির দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আট লাখ—সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।

প্যারিসে সিজিটির হিসাবে, বিক্ষোভে অংশ নেন ২ লাখ ৫০ হাজার মানুষ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্যারিস পুলিশের হিসাবে এ সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার।

চলমান আন্দোলনে ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। গতকাল দেশজুড়ে ৭০০টির বেশি কর্মসূচির ঘোষণা দিয়েছিল ইয়েলো ভেস্ট আন্দোলন।

শিক্ষাব্যবস্থার সংকট, শিক্ষকস্বল্পতা, সরকারি সেবার মান এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু। আগামী ৩১ অক্টোবর আবারও দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ হুঁশিয়ারি দিয়েছেন, সরকার দাবিগুলো মেনে না নিলে আগামী ৫ নভেম্বর সাধারণ ধর্মঘট হতে পারে। সূত্র: বিবিসি

জ/শা



  বিষয়:   ফ্রান্স  বিক্ষোভ  সংঘর্ষ  ধরপাকড় 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত