দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হবে।
সফরের প্রথম পর্যায়ে আগামী ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পথ সুগম হবে।
স্পেন সফর শেষে আগামী ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারি সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানকে গুরুত্ব দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন সুযোগ খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
জ/শা