ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২২ হাজার ২১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালামএয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল।
এর আগে হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব পরিস্থিতির মধ্যে ঢাকা থেকে সৌদি আরবের দুই গন্তব্যে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
জ/শা