রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাজেকে বেড়াতে আসা অন্তত তিন হাজার পর্যটক আবারও আটকা পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে অবরোধকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করেন।
সূত্র জানায়, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নিতে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় অবরোধকারীরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
অবরোধ ও সংঘর্ষের কারণে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ফলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার অবরোধের কারণে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা এখন ব্যস্ত আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিস্তারিত জানাব।’ এ ছাড়া তাৎক্ষণিকভাবে প্রশাসনের অন্য কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জ/উ