সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে বিভিন্ন অংশীজন ও সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
গতকাল বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি। যারা স্টেকহোল্ডার আছেন, আমরা তাঁদের সঙ্গে বসেছি। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে কীভাবে করা হবে, সেটি বলা হয়েছে।’
তিনি আরও বলেন, আলোচনায় টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা পাবেন, তা নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সামনে এ নিয়ে ভালো কিছু আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম থেকে নির্বাচনের আগেও বলেছি, এখনো অত্যন্ত আনন্দের ব্যাপার এটা যে হিন্দু-মুসলমান বা যারা আছেন আমরা সবাই, যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকারী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছেন তিনি। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘কিন্তু আমি যা দেখেছি-আলহামদুলিল্লাহ, কোনো ধরনের খারাপ কিছু দেখিনি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছে।’
নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু সাংবাদিক না, এটা যে কারোই যদি ঘটনা হয়ে থাকলে তাহলে প্রচলিত আইনে যা আছে সেভাবেই হবে।’
এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা ও স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জ/উ