অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধের ব্যবহারে কোনো ত্রুটির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে গেলে ভূমিমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। এতে তাঁর শারীরিক পরিশ্রম হয়েছে। এ সময় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে।
ভূমিমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহীবাসী, দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের একটি কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুও।
জ/উ