খুলনায় তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরের সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
ওসি আরও জানান, নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
জ/শা