শেরপুরের শ্রীবরদীতে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। পরে ড্রামের ভেতরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি ড্রামের ভেতর নারীর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
জ/শা