আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-22T12:28:06+06:00
2026-10-22T12:28:06+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৮ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন বলে জানান। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার।

তিনি বলেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।’

আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচনী ব্যবস্থা নিয়ে স্পিকার বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, একজন ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষ যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোলার প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় উল্লেখযোগ্য গ্যাসের ভান্ডার রয়েছে বলে মনে হচ্ছে। সেখানে আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনাও রয়েছে।

স্পিকার বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ কষ্ট করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত