উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-10-21T13:48:20+06:00
2026-10-21T13:48:20+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয়
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৮ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩৪ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার আওতায় আনতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক লাখেরও বেশি। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ পরিচালিত হয় এ বিশ্ববিদ্যালয়ের আওতায়।

তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে এ পর্যন্ত এক কোটিরও বেশি শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের অনেকে দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।

তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি বাড়ানো, সেশনজট নিরসন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ক্রোড়পত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের প্রধান ফটক এবং ভবনগুলোতে ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত