২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইন সিস্টেমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট [xiclassadmission.gov.bd](https://xiclassadmission.gov.bd)-এর লগইন প্যানেলে প্রবেশ করতে হবে। এ জন্য কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ প্রযোজ্য অন্যান্য নথিপত্র রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি-সংক্রান্ত কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।
ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭
- ভর্তি সম্পন্নের শেষ সময় : ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
- ভর্তি ওয়েবসাইট : https://xiclassadmission.gov.bd
জ/উ