পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-10-13T19:24:20+06:00
2026-10-13T19:24:20+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
শিক্ষা
পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২৪ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বোর্ড অব ডিসিপ্লিন’-এর সভায় সর্বসম্মতিক্রমে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন।

২১ সিরিজের বহিষ্কৃত দুই শিক্ষার্থীর মধ্যে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন করে শিক্ষার্থী রয়েছেন। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন এবং যন্ত্রকৌশল বিভাগের একজন। ২৪ সিরিজের চারজনের মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স বিভাগের একজন রয়েছেন। এ ছাড়া ২৫ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একজন করে শিক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, পরীক্ষার হল থেকে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য সামগ্রী নিয়েও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হবে। তাঁদের শিক্ষাজীবন সম্পূর্ণ শেষ হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।

তিনি আরও বলেন, রুয়েটে ইতোমধ্যে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত