রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির নয় নেতাকর্মীর মোবাইল ফোন হারানোর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাকিদের মধ্যে অন্তত একজন এখনো জিডি করেননি বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। ওই জনসভায় গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদের ছেলে তাওসীফ আজাদও। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় তাঁর ছেলে মঞ্চের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ভিড়ের মধ্যে কেউ তাঁর ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, জনসভায় মোবাইল ফোন হারানোর ঘটনায় রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায়ও একটি জিডি করা হয়েছে। তবে ফোন হারানোর পরও কেউ কেউ এখনো থানায় অভিযোগ করেননি।
এমনই একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। মোবাইল ফোন হারানোর বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ কিংবা বিব্রতকর কোনো পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।’
যোগাযোগ করা হলে ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি চুরি করা হয়। এ ঘটনায় এখনো জিডি না করলেও তিনি তা করবেন বলে জানিয়েছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি হয়েছে। তিনি বলেন, ‘রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে।’
জ/উ