ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে যাওয়ার পর প্রবেশপথের ফটকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের ফটকের দেয়ালের একাংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আঘাত তুলনামূলকভাবে কম। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার যাদব জানান, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়র ও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত শীতলা মাতা মন্দিরে জড়ো হয়েছিলেন। মানুষের ভিড়ের কারণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছিল।
তিনি বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ট্রাক আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানো হয়। কিন্তু ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৪১ জন ট্রাকের ধাক্কায় আহত হন। এ ছাড়া প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া দেয়ালের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।
জ/শা