জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে একটি গোলে সহায়তা করার পাশাপাশি দুটি গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্য দিয়ে এমএলএসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারী ইন্টার মায়ামি। বিরতির পর মেসির জোড়া গোলে ব্যবধান বাড়ায় দলটি। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা। তবে পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখে ক্রিস্টিয়ান গঞ্জালেসের দল।
এই ম্যাচে দুটি গোল করায় মেসির পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬-এ। চলতি এমএলএস মৌসুমে ২৫ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন তিনি। পাশাপাশি তাঁর অ্যাসিস্টের সংখ্যা ১৫।
এমএলএসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেও চলতি মৌসুমে এই পরিসংখ্যানে মেসির সমান অবস্থানে রয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন।
গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগের ইতিহাসে তিনি ও জোসেফ মার্টিনেজই কেবল দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান ৪০ গোলে।
২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলা এক মৌসুমে ৪৯ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড থেকে মেসি এখনো নয় গোলে পিছিয়ে। তবে মায়ামি অধিনায়কের হাতে রয়েছে আরও চারটি ম্যাচ, ফলে রেকর্ডটি ভাঙার সুযোগ থাকছে তাঁর সামনে।
আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তা করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন তিনি। ম্যাচের ৫৬ ও ৬০তম মিনিটে চলতি লিগ মৌসুমের ২৪তম ও ২৫তম গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। মেসির দ্বিতীয় গোলের সময় লুইস সুয়ারেজেরও অবদান ছিল।
জ/শা