ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।
দলীয় মনোনয়ন পেতে আবেদন করা যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিএনপি।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। কারণ, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। একাধিক প্রার্থী থাকলে ভোটের আয়োজন করা হবে, যেখানে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। তবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয় না।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য হয়।
জ/শা