কেন মাত্র ৫ দিনেই পদ ছাড়লেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন। হোয়াইট হাউসে তার প্রথম ও একমাত্র সংবাদ সম্মেলনে ব্যাপক সমালোচনা এবং পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত আসে।

2026-10-18T09:30:23+06:00
2026-10-18T09:33:56+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কেন মাত্র ৫ দিনেই পদ ছাড়লেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি?
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৩০ এএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন। হোয়াইট হাউসে তার প্রথম ও একমাত্র সংবাদ সম্মেলনে ব্যাপক সমালোচনা এবং পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত আসে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সংবাদমাধ্যম তার নতুন মুখপাত্রের প্রতি কঠোর আচরণ করেছে বলে তিনি মনে করেন। তবে দায়িত্বটি নিয়ে জাকারিয়াকে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান তিনি।

এর কিছুক্ষণ পর আল-জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করে, জাকারিয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা প্রেস সেক্রেটারি হলেন জাকারিয়া। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচ্চি মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর বরখাস্ত হয়েছিলেন। জাকারিয়ার মেয়াদ তারও অর্ধেক।

স্কারামুচ্চির চাকরিচ্যুতির পর ‘ওয়ান স্কারামুচ্চি’ বা ‘এক মুচ’ বিশেষণ চালু হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কত দিন পদে টিকবেন, তা নিয়ে রসিকতা করতে সাংবাদিক ও হোয়াইট হাউস পর্যবেক্ষকেরা শব্দটি ব্যবহার করেন। জাকারিয়ার বিদায়ের পর সময়ের নতুন একক হিসেবে ‘ওয়ান জাকারিয়া’ বিশেষণও আলোচনায় এসেছে।

হোয়াইট হাউসে নিজের স্বল্পস্থায়ী দায়িত্বের অভিজ্ঞতা স্মরণ করে স্কারামুচ্চি এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি আনন্দ পাই না।’

কেন পদ ছাড়তে হলো কেটি জাকারিয়াকে?

জাকারিয়ার পদ ছাড়ার বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের প্রথম ও একমাত্র সংবাদ সম্মেলনে জাকারিয়াকে বেশ অস্বস্তিতে দেখা যায়। বক্তব্য দিতে গিয়ে কয়েকবার হোঁচট খান তিনি। নোটের দিকে তাকিয়ে কথা বলার সময় শব্দ ব্যবহারে ভুল করেন। একপর্যায়ে ‘স্বামী’ ও ‘প্রেসিডেন্ট’ শব্দ দুটি গুলিয়ে ফেলেন। চার সন্তানের মা হিসেবে কীভাবে এত বড় দায়িত্ব সামলাবেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই ঘটে বিপত্তি। কেটি বলতে চেয়েছিলেন তার স্বামী তাকে সাহায্য করছেন। কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল, ‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী আমাকে সাহায্য করছেন’ ভুল বুঝতে পেরে তিনি হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করেন। কিন্তু সেই দৃশ্য ততক্ষণে ভাইরাল হয়ে যায়।

মাত্র ১৪ মিনিটের মধ্যে সংবাদ সম্মেলন শেষ করেন তিনি; সাংবাদিকদের প্রশ্ন নেওয়া হয় মাত্র তিনটি। এরপর তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে। জাকারিয়ার আইন বিষয়ে ডিগ্রি রয়েছে এবং তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় তিনি কখনো উত্তীর্ণ হননি বলে জানা যায়। পরে তিনি দাবি করেন, চীনে আইনজীবী হিসেবে কাজ করেছেন।

বৃহস্পতিবার এক অস্বস্তিকর সাক্ষাৎকারে রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি তাকে প্রশ্ন করেন, ‘আপনি সরাসরি কেন বলেননি যে আপনি কখনো আইন পেশায় কাজ করেননি?’

পদ ছাড়ার খবর প্রকাশের পর এক্সে জাকারিয়া লেখেন, ট্রাম্পের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের ছিল। ট্রাম্পকে তিনি ‘দয়ালু, চমৎকার, উদার, চিন্তাশীল, উদ্যমী ও পরিশ্রমী মানুষ’ বলে বর্ণনা করেন।

সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন জাকারিয়া। তবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তার অপ্রস্তুত ও অনভিজ্ঞ উপস্থাপনার অভিযোগ ওঠে। ট্রাম্পের অনেক সমর্থকও তার পারফরম্যান্সের সমালোচনা করেন।

হ্যানিটির সাক্ষাৎকারে জাকারিয়ার সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক সমালোচনার বিষয়টি উঠে আসে। রক্ষণশীল সাংবাদিক ও ভাষ্যকার মেগিন কেলি বলেন, জাকারিয়াকে একজন গুরুতর ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসনে প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করা জেন সাকি জাকারিয়ার সংবাদ সম্মেলনকে কৌতুক অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘হয়তো হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব কেটির জন্য নয়। এই কাজ সবার জন্য নয়।’

নিজেও অল্প সময়ের মধ্যে হোয়াইট হাউসের চাকরি হারানো স্কারামুচ্চি জাকারিয়াকে পরামর্শ দিয়ে এক্সে লেখেন, ‘হোয়াইট হাউসে স্বল্প সময় দায়িত্ব পালনের বিষয়ে বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে বলছি; খবর দেখা বন্ধ করুন, পরিবারের সঙ্গে সময় কাটান। সময়ের সঙ্গে বুঝতে পারবেন, মহাবিশ্ব আপনার বড় উপকারই করেছে।’

এরপর কে সামলাবেন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন?

জাকারিয়ার স্থায়ী উত্তরসূরি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি হোয়াইট হাউস। ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি তাড়াহুড়ো করছেন না।

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে এবং আগামী মাসে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শীর্ষ মুখপাত্র ছাড়াই চলছে ট্রাম্প প্রশাসন। ফলে নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়টি এখনো অনিশ্চিত। সূত্র : আল-জাজিরা

জ/শা 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  প্রেস সেক্রেটারি 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত