এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আজ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশ হকি ফেডারেশনের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সব খেলোয়াড় ক্যাম্পে রিপোর্ট করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
শুরুতে দেশীয় কোচ শহীদুল্লাহ টিটুর তত্ত্বাবধানে অনুশীলন করবেন খেলোয়াড়েরা। আগামী শুক্রবারের মধ্যে দলের জার্মান হেড কোচ গেরহার্ডও ক্যাম্পে যোগ দেবেন।
দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। তিনি বলেন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের হকির জন্য অত্যন্ত ইতিবাচক এবং আনন্দের একটি দিক। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের মানসম্মত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেবে।
আরিফুল হক প্রিন্স আরও বলেন, শীর্ষ দলগুলোর মুখোমুখি হয়ে আমাদের খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা মাঠের পারফরম্যান্স ও খেলার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মূলত নিজেদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও উন্নতির লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল এই টুর্নামেন্টে লড়তে যাচ্ছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের আশা, কঠোর ও সুপরিকল্পিত অনুশীলনের মাধ্যমে দল নিজেদের সেরা ফর্মে ফিরবে। ভারতের জলন্ধরে ভালো ফল করে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে খেলোয়াড়েরা।
জ/বা