সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-16T08:15:33+06:00
2026-10-16T08:15:33+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১৫ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
সার ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশে সংকটের অভাব নেই; যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই সংকট দেখা যাচ্ছে। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। সার বিতরণ ও ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম এবং নৈরাজ্য হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালাও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর হলেও এ বিষয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলায় গঠিত কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিনজনকে মনোনীত করায় যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে। বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সার বিতরণে সরকার শতভাগ ব্যর্থ হয়েছে।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সারসংকট তৈরি হচ্ছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনুসন্ধানে বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় সারসংকটের তথ্য উঠে এসেছে। এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া হয়েছে। সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া, ভুয়া গুদাম ও চুক্তিনামা দেখিয়ে লাইসেন্স নেওয়ার অভিযোগও করেন তিনি।

রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম পাওয়া গেছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।

জামায়াতের ছয় দফা দাবি

সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা।
২. ডিলার নিয়োগের যোগ্যতার মানদণ্ড, তালিকা তৈরির প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ করা।
৩. ডিলার নিয়োগে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা।
৪. সারসংকট নিয়ে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই করা।
৫. দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত ব্যাখ্যা নেওয়া।
৬. অভিযোগের ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ছয় থেকে সাত মাসে সরকারের সর্বস্তরে দলীয়করণ, দুর্নীতি ও মন্ত্রীদের মিথ্যাচার নিয়ে জামায়াত উদ্বিগ্ন। ব্যর্থতা আড়াল করতে অন্যের ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার করতে চায় জামায়াত। কিন্তু সরকার বিরোধী দলকে এ প্রক্রিয়ার বাইরে রেখে কর্তৃত্ববাদী কাঠামো তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিতর্ক রাজপথে না নিয়ে সংসদে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

এ ছাড়া সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে উৎপাদন খরচ ও দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত