মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন মির্জা আব্বাস। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও ছিলেন।
মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসা শেষে মির্জা আব্বাস দেশে ফিরেছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান বিএনপির এই নেতা। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন তিনি।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। পরে রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে অস্ত্রোপচার শেষে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর ফলোআপের জন্য আবারও মালয়েশিয়া যান তিনি।
জ/শা