মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় আব্দুল হাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শোকবার্তায় কামরুজ্জামান রতন লেখেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই রাজনীতিবিদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কামরুজ্জামান রতন আরও বলেন, দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আব্দুল হাই এ অঞ্চলের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া এই নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
জ/শা