সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ পদক্ষেপ নেবে, প্রত্যাশা ভারতের

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে দেশটি।

2026-10-15T07:09:26+06:00
2026-10-15T07:09:26+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ পদক্ষেপ নেবে, প্রত্যাশা ভারতের
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০৯ এএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ওই বিবৃতিতে দুর্গাপূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে গত তিন মাসে ১৪১টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ধারাবাহিক চেষ্টা চলছে বলেও সংগঠনটি অভিযোগ করেছে।

এসব বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশ এসব বিষয় সমাধানে পদক্ষেপ নেবে।”

এদিকে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা আয়োজনের ঘটনাকে ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রদায়িক দুর্বৃত্তদের ঘৃণ্য তৎপরতা ক্রমেই বাড়ছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের আংশিক চিত্র তুলে ধরে সংগঠনটি বিভিন্ন ঘটনার পরিসংখ্যান প্রকাশ করেছে।

ঐক্য পরিষদের বিবৃতি অনুযায়ী, ওই সময়ে হত্যার ঘটনা ঘটেছে ১৬টি এবং ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে চারটি। এ ছাড়া মন্দিরে হামলা ও লুটপাট, জায়গা দখল এবং বিগ্রহ ভাঙচুরের ঘটনা ঘটেছে ৩৬টি।

বিবৃতিতে আরও বলা হয়, কথিত ধর্ম অবমাননার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে সাতটি। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ১১টি।

এ ছাড়া হামলা, ছিনতাই, ডাকাতি ও মারধরের ঘটনা ২৬টি, জমি বা সম্পত্তি দখলের ঘটনা ১৪টি এবং অপহরণ, হত্যার হুমকি ও হয়রানির ঘটনা তিনটি বলে উল্লেখ করা হয়েছে। চাঁদাবাজির ঘটনা চারটি এবং অন্যান্য ঘটনা ১৪টি বলেও বিবৃতিতে জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সংবাদ সম্মেলনে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন এক সাংবাদিক।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ নেওয়ার কথা থাকলেও তাঁর পরিবর্তে স্বরাষ্ট্রসচিব অংশ নেন। বাংলাদেশ থেকে যথাযথ পর্যায়ে প্রতিনিধিত্ব না করার ঘটনা এটি দ্বিতীয়বার বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক। এ প্রসঙ্গে তিনি এর আগে ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও উল্লেখ করেন।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপটি ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে বিমসটেকের সব সদস্যদেশ অংশ নিয়েছে। বৈঠক শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ, মাদক এবং অর্থপাচার প্রতিরোধে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে বিমসটেকের সব সদস্যদেশ অঙ্গীকার করেছে। কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার সুযোগ চিহ্নিত করা হয়েছে। আমাদের প্রত্যাশা, এই উদ্বোধনী সংলাপের মধ্য দিয়ে সদস্যদেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। বাংলাদেশসহ বিমসটেকের অন্য সদস্যদেশগুলোর প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।”

জ/শা


  বিষয়:   বাংলাদেশ  ভারত  সংখ্যালঘু 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত