পরিবর্তনশীল বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির সঠিক গতিপথ বজায় রাখতে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের (এপিডি) প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, নীতিগতভাবে প্রস্তাবগুলো নিয়ে সবকিছু ঠিক আছে। এখন কীভাবে বিষয়গুলো চূড়ান্ত করা যায়, তা নিয়ে উভয় পক্ষের সংশ্লিষ্ট দল বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের মূল্যায়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, চলতি বছরের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, তা আন্তর্জাতিক সংস্থাগুলো অনুধাবন করতে পেরেছে।
আন্তর্জাতিক সংকট মোকাবিলা করে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে বহুপাক্ষিক সংস্থাগুলোর সহায়তার পথ সুগম হওয়াকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জ/উ