আজ বিশ্ব মান দিবস

জবাবদিহি ডেস্ক

জাতীয়

আজ বুধবার (১৪ অক্টোবর) ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে।

2026-10-14T08:54:59+06:00
2026-10-14T08:54:59+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আজ বিশ্ব মান দিবস
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৫৪ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
আজ বুধবার (১৪ অক্টোবর) ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’। বাংলায় এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি—অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জরুরি। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ প্রেক্ষাপটে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে।

সোলার প্যানেলের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে বিশেষ পরীক্ষাগার। সেখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটরের সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা যায়। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করছে।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

এ ছাড়া সভায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

জ/শা


  বিষয়:   বিশ্ব মান দিবস 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত