রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির ১০টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে উদ্ধারকর্মীদের।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
জ/শা