কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথ হলো, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাঁদের এসব চেষ্টা সফল হবে না। সীমান্তের ওপারে কে কী করছে, তা না জানলেও দেশের অভ্যন্তরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জ/দি