দলীয় সংসদ সদস্যদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-12T11:51:09+06:00
2026-10-12T11:51:09+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
দলীয় সংসদ সদস্যদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৫১ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ দমন, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমানো এবং স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, তিনি ফিরতে চাইলে তাঁকে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ ছাড়া পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি একসঙ্গে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংসদ সদস্যদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান।

গতকাল রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। সন্ধ্যা সোয়া ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা সভায় বিএনপির ১৯৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।

সভা সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তত ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য খোলামেলা আলোচনা করেন। জাতীয় রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, শারদীয় দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক অবস্থা নিয়ে তাঁরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে সংসদ সদস্যদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

অস্থিতিশীলতা নিয়ে সতর্কবার্তা
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নানা অপতৎপরতা চলছে। পতিত স্বৈরাচার ও গুপ্ত শক্তি একসঙ্গে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর ফলে সামনে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তো বলে-কয়ে যায়নি, বলে-কয়ে আসবেও না। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। তিনি আসতে চাইলে আসুক, আইনি এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, নিরাপদ মনে করায় এবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। অতীতে হয়তো তাঁরা অন্য একটি দলকে ভোট দিতেন। এখন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় আচার-অনুষ্ঠান যেন নির্বিঘ্নে পালন করা যায়, সেই পরিবেশ বজায় রাখতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন সরকারের বড় পরীক্ষা
স্থানীয় সরকার নির্বাচনকে সরকারের জন্য ‘বড় পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি-এমন অপবাদ সরকার নেবে না।

এ জন্য তৃণমূলের সব পক্ষের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী করার নির্দেশ দেন তিনি। দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান।

তবে দলের সমর্থন পেলেই জয় নিশ্চিত হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রার্থীকে নিজের জনপ্রিয়তার ভিত্তিতেই নির্বাচনে জয়ী হতে হবে। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাবে না।

মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা
সভায় সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়া, মাদকের বিস্তার এবং মাদক কারবারিরা গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া চাঁদাবাজি, দখলদারত্ব ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

জবাবে তারেক রহমান বলেন, সরকারকে শুরু থেকেই অনেক বৈরী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে রীতিমতো মব সৃষ্টি করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়েও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত