‘সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ’ স্লোগান সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করেছে নতুন পেশাজীবী সংগঠন ‘মঠবাড়িয়া সাংবাদিক ফোরাম’। একই সঙ্গে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মাঈনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং আবদুর রাজ্জাক মেহেদীর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন এবং প্রস্তাবিত কমিটির নাম উপস্থাপন করেন তাজউদ্দিন আহমেদ টুকু। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিক্রমে মাহবুবুল ইসলাম নান্নাকে আহ্বায়ক ও তারেক মনোয়ারকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-তাজউদ্দিন আহমেদ টুকু, মিজানুর রহমান মিজান, আবদুর রাজ্জাক মেহেদী, মাঈনুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান (২), আরিফ মল্লিক ও ডলি আক্তার।
কমিটি গঠনের পর ফিতা কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন ‘বাংলা-৫২’ চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান ও মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ’ স্লোগানটি কেবল আনুষ্ঠানিক কোনো বার্তা নয়; বরং গণমাধ্যমের সাহসিকতা, বস্তুনিষ্ঠতা ও সত্য প্রতিষ্ঠায় কাজ করা সাংবাদিকদের সুরক্ষার অঙ্গীকার। সংবাদকর্মীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সত্য প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই সংগঠনের পথচলার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে সংগঠনটির প্রতি শুভকামনা জানান জিয়া খান, সাইফুর রহমান রিপন, আরিফ বিল্লাহ, মো. ইব্রাহিম, রিয়াজ পহলান, মেহেদী হাসান খান, ইব্রাহিম খলিলুল্লাহ তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবী সাংবাদিকেরা।
সভা শেষে নবগঠিত সংগঠনের সাফল্য এবং সাংবাদিকদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
জ/উ