পাঁচবিবিতে ছেলের স্বপ্ন পূরণে মায়ের সংগ্রাম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T16:54:37+06:00
2026-10-10T16:54:37+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে ছেলের স্বপ্ন পূরণে মায়ের সংগ্রাম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:৫৪ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রচণ্ড গরম কিংবা বৃষ্টি-কোনো প্রতিকূলতাই দমাতে পারেনি জলি বেগমকে। রাস্তার পাশে দাঁড়িয়ে নিজ হাতে তৈরি করছেন চিকেন ফ্রাই ও বার্গার, আর তা বিক্রি করেই চালিয়ে যাচ্ছেন একমাত্র ছেলের পড়াশোনার খরচ। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে প্রতিদিন সংগ্রাম করে চলেছেন এই মা।

পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা পৌর পার্কের সামনের সড়কে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলে তাঁর ছোট্ট খাবারের দোকান। ‘বেস্ট কোয়ালিটি’ নামের এই মিনি চাইনিজ দোকানে নিজ হাতেই চিকেন ফ্রাই ও বার্গার তৈরি করে বিক্রি করেন তিনি।

জলি বেগমের বাড়ি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর গ্রামে। তিনি জানান, শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় অন্য দিনের তুলনায় এ দুই দিন বেচাকেনা ভালো হয়। দোকান থেকে উপার্জিত অর্থ দিয়েই বগুড়ায় তাঁর একমাত্র ছেলেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছেন।

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে জলি বেগম বলেন, ‘প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গরম, বৃষ্টি ও রাস্তার পাশের ধুলাবালি উপেক্ষা করে এত কষ্ট করছি শুধু আমার একমাত্র আদরের বুকের মানিক ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে।’ এ কাজে তাঁর স্বামীও সহযোগিতা করেন।

জলি বেগমের ‘বেস্ট কোয়ালিটি’ মিনি চাইনিজ রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাচ্ছিলেন মো. ইফাত আল সানি। খাবারের প্রশংসা করে তিনি বলেন, ‘বেস্ট কোয়ালিটি দোকানের চিকেন ফ্রাই আকারেও বড়, খেতেও সুস্বাদু। মজার বিষয় হলো, এখানে ৬০ টাকায় পাওয়া গেলেও চাইনিজ রেস্টুরেন্টে তা খেতে ১০০ থেকে ১২০ টাকা লাগে। আধুনিক রেস্টুরেন্টের তুলনায় জলির মিনি রেস্টুরেন্টের চিকেন ফ্রাই ও বার্গার আকারেও বড়, মানেও ভালো।’

প্রতিকূল পরিবেশে ছেলের ভবিষ্যৎ গড়তে জলি বেগমের এই নিরলস সংগ্রাম যেন সফল হয়-এমন প্রত্যাশা স্থানীয়দের।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত