মালয়েশিয়ায় প্রবাসীদের বড় সুখবর, বাড়ছে মজুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদেরও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের পরিবর্তে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ২ হাজার রিঙ্গিত। ২০২৭ সালের জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।

2026-10-10T07:33:39+06:00
2026-10-10T07:33:39+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় প্রবাসীদের বড় সুখবর, বাড়ছে মজুরি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৩৩ এএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদেরও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের পরিবর্তে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ২ হাজার রিঙ্গিত। ২০২৭ সালের জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সংসদে মালয়েশিয়ার ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, নতুন মজুরি কাঠামোর ফলে ৪০ লাখের বেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। দেশটির ন্যূনতম মজুরিসংক্রান্ত আইন বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতোই আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী।

মালয়েশিয়ায় ২০১৩ সালে ন্যূনতম মজুরি নীতি চালু করা হয়। তখন মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯০০ রিঙ্গিত। পরবর্তী সময়ে ২০১৬ সালে তা বাড়িয়ে ১ হাজার রিঙ্গিত, ২০১৯ সালে ১ হাজার ১০০ রিঙ্গিত, ২০২০ সালে ১ হাজার ২০০ রিঙ্গিত, ২০২২ সালে ১ হাজার ৫০০ রিঙ্গিত এবং ২০২৫ সালে ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়। সর্বশেষ ঘোষিত বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি প্রাথমিক নির্ধারিত হারের দ্বিগুণেরও বেশি হবে।

তবে নতুন মজুরি কাঠামো থেকে কিছু প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বার্ষিক লেনদেন ৫ কোটি রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো এ শর্তের আওতামুক্ত থাকবে। ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসায়িক কাঠামো ও কার্যক্রম নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই এ ছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বাজেট উপস্থাপনের সময় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘শ্রমিকদের উৎপাদনশীলতা ও তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমাতে হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে ব্যর্থ হওয়ায় জীবনযাত্রার ব্যয়ভার বেড়েছে।’

দেশটির মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আধা-দক্ষ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনাও করছে সরকার।

আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে মাত্র। দক্ষ শ্রমিকেরা এখনো তাঁদের যোগ্যতা ও দক্ষতার যথাযথ প্রতিফলন অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না।

এদিকে, অনিবন্ধিত বিদেশি শ্রমিকদের নিয়োগ নিরুৎসাহিত করতে করসংক্রান্ত বিধিমালা আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার।

প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সংস্থাকে মজুরি ব্যয়ের ওপর করছাড় পেতে কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে ব্যাংক হিসাবের মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলে জানান আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক নেপালি শ্রমিকের পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীরা কাজ করছেন। নতুন মজুরি কাঠামো কার্যকর হলে এর আওতাভুক্ত বিদেশি শ্রমিকদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে ২০২৭ সালের জুনে নতুন মজুরি কার্যকর হওয়ার নির্ধারিত সময় এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য ঘোষিত অব্যাহতির কারণে সব শ্রমিক তাৎক্ষণিকভাবে এ সুবিধা পাবেন না।

জ/শা 


  বিষয়:   মালয়েশিয়া  প্রবাসী  মজুরি বৃদ্ধি  প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত