৩২২ দিনের মোতায়েন শেষে ঘাঁটিতে ফিরল মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-09T17:48:17+06:00
2026-10-09T17:48:17+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
৩২২ দিনের মোতায়েন শেষে ঘাঁটিতে ফিরল মার্কিন রণতরী
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৫:৪৮ পিএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দরে ফিরেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বন্দরে পৌঁছানোর আগে রণতরীটি মোট ৩২২ দিন মোতায়েন ছিল। এর মধ্যে টানা ২৬৫ দিন কোনো বন্দরে নোঙর না করে সমুদ্রে কাটিয়েছেন এর নাবিকেরা।

যুক্তরাষ্ট্রের প্রচলিত পরিকল্পনা অনুযায়ী, একটি বিমানবাহী রণতরীর মোতায়েনকাল সাধারণত ছয় থেকে সাত মাস হয়ে থাকে। এ সময় নিয়মিত বিরতিতে বিভিন্ন বন্দরে যাত্রাবিরতির সুযোগও থাকে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ছাড়ার পর ইউএসএস আব্রাহাম লিংকনের চলতি বছরের মে মাসে ফিরে আসার কথা ছিল। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এর মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়।

থাইল্যান্ড ও গুয়ামে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পর ইউএসএস জর্জ ওয়াশিংটন দায়িত্ব গ্রহণ করলে আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করে। সব মিলিয়ে রণতরীটির মোতায়েনকাল দাঁড়ায় ৩২২ দিনে।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীটির অভ্যন্তরীণ পরিবেশ এবং নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের জন্য রসদের ঘাটতি, পানিদূষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো সমস্যার অভিযোগও সামনে আসে।

গত মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটর কার্সটেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে জানান, এই মোতায়েন শুরু হওয়ার পর থেকে রণতরীটির আটজন ক্রু সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছিলেন।

দীর্ঘ মোতায়েন শেষে বৃহস্পতিবার সান ডিয়েগোতে পৌঁছালে রণতরীটির নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁদের স্বাগত জানাতে বন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পাওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী রণতরীটির এয়ার উইংয়ের সদস্যসহ ১২২ জন নাবিক প্রথমবারের মতো তাঁদের নবজাতক সন্তানদের দেখতে পেয়েছেন। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরীটিতে গিয়ে ক্রুদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ তুলে দেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত