সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৮ শিশু। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে এক হাজার ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৩২ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৮ শিশু।
এদিকে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৭১ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে দুই লাখ এক হাজার ৬২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।
জ/উ