গোপালগঞ্জের ৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-08T20:17:06+06:00
2026-10-08T20:17:06+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের ৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৮:১৭ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগেভাগেই প্রচার-প্রচারণা শুরু করেছেন। নিজেদের অবস্থান শক্ত করতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে সমর্থন চাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আশফাকুল আলম মোল্লা পলু। এ লক্ষ্যে তিনি প্রচারণা শুরু করেছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পক্ষে ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে।

আশফাকুল আলম মোল্লা পলু বলেন, তার বাবা আবু তালেব মোল্লা (ফটিক) এবং চাচা আবুল খায়ের মোল্লা দীর্ঘদিন উজানি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের সুনাম ধরে রাখতে তিনি কাজ করতে চান।

তিনি বলেন, ‘ইউনিয়নবাসীর সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি সবার পাশে থাকি। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। ইউনিয়নের ব্যাপক জনগোষ্ঠীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে উজানিকে একটি আধুনিক ও মডেল, মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, দুর্নীতি পরিহার করে মানুষের সেবা করাই তার লক্ষ্য। উজানি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নসহ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ব্রত নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

এদিকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস সামাদ শিকদার। তিনি ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন।

আব্দুস সামাদ শিকদার বলেন, ইউনিয়নের জনগণ ভোট দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে কুশলা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উদ্যোগী হবেন।

তিনি বলেন, ইউনিয়নের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাস্তাঘাট ও হাটবাজারের উন্নয়নেও সচেষ্ট থাকবেন। সাধারণ মানুষের সার্বিক উন্নয়নই তার লক্ষ্য। এ লক্ষ্যে তিনি লিফলেট বিতরণ, ফেস্টুন ও ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন।

অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা মো. অলিয়ার রহমান খান। তিনি বলেন, বর্ণি ইউনিয়নের উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি পথচলা শুরু করেছেন। শিক্ষিত তরুণ সমাজ গড়ে তোলা, বেকারত্ব নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তিনি।

মো. অলিয়ার রহমান খান বলেন, সাধারণ মানুষের সেবা করতে এবং বর্ণিকে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। দরিদ্র ও মেহনতি মানুষের সেবা করার সুযোগ চান তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে বর্ণি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ইউনিয়নের সর্বত্র প্রচারণা শুরু করেছেন। তার উদ্দেশ্য ও লক্ষ্য জনবান্ধব। ইউনিয়নবাসীর দোয়া ও আশীর্বাদ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অঙ্গীকার পূরণে শতভাগ কাজ করার কথা জানান তিনি।

মো. অলিয়ার রহমান খান বলেন, ‘আমি এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে বর্ণি ইউনিয়নের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।’

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত