আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে শেষ ম্যাচে মাঠে নামছেন তিনি।
বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ সম্মান জানিয়েছে দেশটির ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। মেসির হাতে ক্লাবটির সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দেওয়া হয়।
স্মরণীয় এই আয়োজনে রিভার প্লেটের সভাপতি স্টেফানো ডি কার্লো মেসির হাতে সম্মানসূচক সদস্যপদ কার্ডের পাশাপাশি একটি স্মারক ক্রেস্ট এবং তাঁর নাম খোদাই করা ক্লাবটির আইকনিক ‘মানতো সাগ্রাদো’ (পবিত্র জার্সি) তুলে দেন।
বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান ও তাঁর দীর্ঘ ক্যারিয়ারের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এসব স্মারক উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী আয়োজনকে ঘিরে রিভার প্লেটের এই সম্মাননা দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ মুহূর্তের সূচনা করেছে। মেসির শেষ ম্যাচের আগে এমন স্বীকৃতি তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ করল আরেকটি স্মরণীয় অধ্যায়।
জ/শা