দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-06T18:32:06+06:00
2026-10-06T18:32:06+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:৩২ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে ইন্ডিয়া জোটের মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেডের ওপর উঠে পড়েন রাহুল গান্ধী। এ সময় তাঁকে এবং অন্য নেতাদের আটক করে পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করে বিরোধী জোট। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তবে বিরোধীদের এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি।

এদিন ভারতীয় পার্লামেন্ট ভবন চত্বর থেকে বিরোধী দলের সংসদ সদস্যরা মিছিল শুরু করেন। তাঁদের গন্তব্য ছিল নয়াদিল্লিতে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দপ্তর। মিছিলটি পার্লামেন্ট স্ট্রিটে নীতি আয়োগের কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ব্যারিকেড বসানো ছিল। পুলিশের বাধার মুখে রাহুল গান্ধী একটি ব্যারিকেডের ওপর উঠে যান। এ সময় তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের আরও কয়েকজন নেতাকেও ব্যারিকেডের ওপর উঠতে দেখা যায়। পরে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ করেন। তাঁদের হাতে ‘সেভ ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ছিল।

মিছিল এগোতে না দেওয়ার পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে। তাঁদের পুলিশ বাসে তোলা হয়। তবে পরে তাঁরা সেখান থেকে বের হয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরের পাশের আকাশবাণী ভবনে প্রবেশ করেন। খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করছিলেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ, এবার পদ ছাড়ুন।’

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সংসদ ভবন ও নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী দলগুলোর টানাপোড়েন চলছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার কারণে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়ম হয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে অনুপযুক্ত ও ভুয়া নাম বাদ দেওয়া এবং তালিকা হালনাগাদ করার উদ্দেশ্যেই SIR প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এ ইস্যুতে কংগ্রেসসহ বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে। মঙ্গলবারের মিছিলকে ওই আন্দোলনেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ গত সোমবার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, জ্ঞানেশ কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনারকে নোটিশ দিয়েছেন।

তবে আদালত আপাতত জ্ঞানেশ কুমারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কোনো অন্তর্বর্তী আদেশ দেননি। আদালত বলেছেন, শুধু সংবাদ প্রতিবেদন বা অনুমানের ভিত্তিতে এমন আদেশ দেওয়া যায় না; আগে অভিযোগের তথ্য যাচাই করা প্রয়োজন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত