ধানমন্ডি লেকের পাশে হবে ‘নজরুল সরোবর’

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T15:03:18+06:00
2026-10-06T15:03:18+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ধানমন্ডি লেকের পাশে হবে ‘নজরুল সরোবর’
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৩ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেকের পাশে ‘নজরুল সরোবর’ নামে আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ মঙ্গলবার (৬ আগস্ট) ধানমন্ডি লেক পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মো. আবদুস সালাম বলেন, লেকের তলদেশ থেকে স্লাজ অপসারণের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু করা হবে। শিশুদের বিনোদনের জন্য স্পিডবোটের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাতসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন করা হবে। রবীন্দ্র সরোবরের মতো ধানমন্ডি লেকের পাশে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ধানমন্ডি লেকটির দৈর্ঘ্য ৩ দশমিক ১০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৫৬ মিটার। লেকে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ, অর্থাৎ কাদা ও বর্জ্য, অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণ করা হবে। এ কাজে দুটি ভাসমান এক্সেভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে।

প্রায় এক বছর ধরে চলবে লেকের পুনঃখননকাজ। এর প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। ডিএসসিসির তথ্য অনুযায়ী, ১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে প্রায় ৮৬ একর জায়গাজুড়ে ধানমন্ডি লেক গড়ে ওঠে। বর্তমানে ওই এলাকায় জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর।

ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় এবং পরিবেশগত ক্ষতি কমিয়ে লেকটি পুনরুদ্ধারের পাশাপাশি আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে লেক ও সংশ্লিষ্ট অবকাঠামো সংস্কারে ৫০ কোটি টাকা এবং ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনার আওতায় লেকের পাড়ের সুরক্ষা ও ঢাল স্থিতিশীল করা, আধুনিক নিষ্কাশনব্যবস্থা স্থাপন, হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাবেষ্টনী এবং নিরাপত্তা রেলিং মেরামতের কাজ করা হবে। নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, অ্যানাউন্সমেন্ট সিস্টেম এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপনের কথাও রয়েছে।

নতুন বিনোদন সুবিধার মধ্যে থাকবে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্কিং সুবিধা। উদ্ভিদের পরিচর্যা ও চিকিৎসার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ স্থাপনের পাশাপাশি নিরাপদ খাবার পানি এবং জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও রাখা হবে।

‘নজরুল সরোবর’ নির্মাণের জন্য কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমি নির্ধারণ করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে সেখানে গড়ে তোলা হবে এই সাংস্কৃতিক পরিসর।

প্রস্তাবিত নজরুল সরোবরে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা আয়োজনের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম থাকবে। কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনাকে তুলে ধরতে থাকবে বুক কর্নার, লাইব্রেরি ও তথ্যফলক। এর সঙ্গে নগর বন, প্লাজা এবং লেকের ঘাটও নির্মাণ করা হবে।

এ ছাড়া কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে রাখার পরিকল্পনা রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, লেকের তলদেশ স্লাজমুক্ত করার কাজ শেষ হওয়ার পরপরই লেকের মূল সংস্কার এবং ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত