সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিটের যাত্রা শুরু

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-01T21:22:52+06:00
2026-10-01T21:22:52+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিটের যাত্রা শুরু
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২২ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বতন্ত্র ও বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত অপরাধের ধরন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের সময়ে প্রচলিত পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও মেধাভিত্তিক সক্ষমতা সম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যেই সাইবার পুলিশ ইউনিট গঠন করা হয়েছে।

নতুন এই ইউনিটের সাংগঠনিক কাঠামো ও পদায়ন সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিট পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে ইউনিটটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) অথবা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবারকেন্দ্রিক সেবা ও তদন্ত পরিচালনার জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং কনস্টেবল পদায়ন করা হবে।

অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী, সাইবার পুলিশ ইউনিটে মোট ৪ হাজার ৫৯২ জন জনবল থাকবে। বিদ্যমান পুলিশ বাহিনী থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে এ জনবল পূর্ণাঙ্গ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রম শুরুর ফলে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আরও কার্যকরভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত