প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে দেশের সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে। একই সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় ক্ষতিগ্রস্ত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসনের (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার তার সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।’
গত ১৭ বছরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গত ১৭ বছরে আমরা দেখেছি কীভাবে আইনের শাসনকে ধ্বংস করা হয়েছে। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাই এবং ধীরে ধীরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’
সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’কে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ড সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল ও নদী খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ এবং বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হলে তার ক্ষতি জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, ‘এসব কাজে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে ক্ষতি কার হবে? এ দেশের জনগণেরই ক্ষতি হবে।’
নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে একটি রাজনৈতিক দলের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে তারেক রহমান অন্যের সমালোচনা করার আগে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০টিতে উন্নীত করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু অপসারণ করে নদী খনন এবং বাঁধ নির্মাণকাজও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জ/উ