জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব কর মেয়াদের রিটার্ন জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা আরোপ করা হবে না।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ অনুযায়ী ভ্যাট রিটার্ন দাখিলের সংশোধিত বিধানে তিন কর মেয়াদ শেষ হওয়ার পরও রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট (ই-ভ্যাট) ব্যবস্থায় দাখিল করেনি।
এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন ইভ্যাট ব্যবস্থায় অবশ্যই দাখিল করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
জ/উ