পর্দায় ফেরার পর নতুন করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এবার জড়িয়েছেন বিতর্কে। প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’ সিজন টু-এর বিজয়ী রিদা থারানাকে নিয়ে তার করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা।
‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা দাবি করেন, তিনি রিদাকে চেনেন না। তিনি বলেন, ‘আপনি কার কথা বলছেন, আমি সত্যিই জানি না। গেমটিতে ২১ জন খেলোয়াড় ছিল, আমি কি সবাইকে মনে রাখব?’
সাক্ষাৎকার গ্রহণকারী তাকে জানান, রিদাই ওই শোর বিজয়ী এবং ইন্টারনেটে তার অনেক অনুসারী রয়েছে। জবাবে মল্লিকা বলেন, শো থেকে বাদ পড়ার পর কী ঘটেছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।
মল্লিকার ওই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে সমালোচনা শুরু করেন। কেউ কেউ অভিনেত্রীকে ‘সোর লুজার’ বলেও মন্তব্য করেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘কেন জানি না, কিন্তু এটাকে অনিরাপত্তা মনে হচ্ছে।’ আরেকজন বলেন, ‘এই কামব্যাকের পর আমি সত্যিই মল্লিকা শেরাওয়াতকে সমর্থন করছিলাম। কিন্তু তাকে জেন-জি তরুণদের চেয়েও বেশি বিভ্রান্ত ও খুঁতখুঁতে মনে হওয়াটা খুবই হতাশাজনক।’ অন্য একজন মন্তব্য করেন, ‘মল্লিকা বিরক্তিকর। এর মধ্যে শীতল বা আকর্ষণীয় কিছু নেই।’
আরেক দর্শকের মন্তব্য, ‘তিনি খুবই বিরক্তিকর। রিদার সমস্যা আছে, কিন্তু সে এমন একজন মেয়ে, যে অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে।’ অন্য একজন লিখেছেন, ‘মল্লিকাকে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে অনিরাপদ মনে হচ্ছে।’
করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটর্স ইন্ডিয়া’ সিজন টু-তে বিভিন্ন অঙ্গনের তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া রিয়েলিটি শোটিতে দর্শকদের ধোঁকা দিয়ে ট্রেইটর দলের ক্রিস্টল ডি’সুজা ও রিদা থারানা যৌথভাবে ৬৬ লাখ রুপির পুরস্কার জিতে নেন। সূত্র: এনডিটিভি
জ/উ