অভিনয়, তারকাখ্যাতি কিংবা নানা আলোচনা-সবকিছুর বাইরে পরীমনির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাজুড়ে রয়েছে তার সন্তানরা। কাজের ব্যস্ততার ফাঁকে তাদের সঙ্গে কাটানো সময়ই অভিনেত্রীর কাছে হয়ে ওঠে স্বস্তি ও আনন্দের মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সাম্প্রতিক কিছু ছবিতে ধরা পড়েছে মা-ছেলের তেমনই এক আনন্দঘন সময়।
সম্প্রতি ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে সুইমিংপুলে সময় কাটানোর কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পরীমনি। ছবিতে নীল জলে ছেলেকে নিয়ে হাসি-আনন্দে মেতে থাকতে দেখা যায় তাকে। কখনো পূণ্যর সঙ্গে খেলায় ব্যস্ত, আবার কখনো তাকে মমতায় জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে।
মা-ছেলের স্বতঃস্ফূর্ত এসব মুহূর্তের ছবি প্রকাশের পরই অনুসারীদের নজর কাড়ে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা থাকলেও সন্তানদের সঙ্গে পরীমনির এমন সময়ের ছবিতে বরাবরই আলাদা আবেগ তৈরি হতে দেখা যায়।
শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন পরীমনি। তবে সন্তানদের ঘিরেই নিজের পারিবারিক জীবনকে নতুনভাবে সাজিয়েছেন তিনি। বড় ছেলে পূণ্যর পাশাপাশি দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম ও আরেক পুত্রসন্তানকে নিয়েই তার পারিবারিক ব্যস্ততা।
অভিনয় ও তারকাখ্যাতির কারণে পরীমনি নিয়মিতই আলোচনায় থাকেন। তবে পর্দার বাইরের জীবনে সন্তানদের সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরে তার জীবনের আরেকটি দিক। সেখানে তারকা পরিচয়ের চেয়ে একজন মায়ের ভূমিকাই যেন বেশি স্পষ্ট হয়ে ওঠে।
জ/উ