একনেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা প্রকল্প অনুমোদন হওয়ার খবরে মুছাপুর রেগুলেটর এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ৫টার দিকে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের দীর্ঘ প্রতিক্ষিত প্রকল্পটি অনুমোদনের খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন, মোঃ আলমগীর, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মাষ্টার আবু নাছের, বিএনপি নেতা নুরুল আলম জিকু, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা আবু কাউসার মামুন, বিএনপি নেতা হাজী ইব্রাহিম, জিয়া মঞ্জের সেক্রেটারি কামাল উদ্দিন আলোসহ অর্ধ সহস্রাধিক মানুষ।
বক্তারা বলেন, কোম্পানীগঞ্জসহ ছোট ফেনীর কূলবর্তি লাখ লাখ মানুষের দীর্ঘদিনের অস্তিত্ব রক্ষার দাবি ছিল দ্রুত পুনরায় মুছাপুর রেগুলেটর নির্মাণ করা। দীর্ঘ প্রত্যাশিত এ প্রকল্পটি একনেকে পাশ করা হয়। এতে লাখ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে।