গত কয়েক বছরে বড় পর্দায় শাকিব খানকে বেশি দেখা গেছে অ্যাকশনধর্মী চরিত্রে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’-প্রতিটি সিনেমাতেই ছিল তার দাপুটে ও ‘হিংস্র’ উপস্থিতি। সবশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
এবার সেই অ্যাকশন ইমেজ থেকে বেরিয়ে পুরোদস্তুর প্রেমের গল্পে ফিরছেন শাকিব। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। প্রেমের গল্প নির্মাণে পরিচিত এই নির্মাতার সঙ্গে এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন শাকিব। দুটো সিনেমাই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।
দুই বছরেরও বেশি সময় পর আবারও হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। বিষয়টি অবশ্য আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিনেমার নাম। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ‘মহব্বত’-এর টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন নির্মাতা।
পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন, তার হাত ধরে আছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও নায়িকার পরিচয় এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।
পোস্টার প্রকাশ করে হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
সিনেমার নাম ঘোষণার পাশাপাশি মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এই সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে সফল নির্মাতা হিমেল আশরাফ, অভিনেতা শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনান-এই ত্রয়ী আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এখন অপেক্ষা নতুন এই সিনেমার গল্প ও শাকিবের নতুন রূপ দেখার।
জ/উ