বয়স ৩৯। অভিনয়জীবনের ২৯ বছরও পেরিয়ে গেছে। ছোটবেলাতেই অভিনয়ে পা রাখা সেই শ্রাবন্তী চ্যাটার্জি এখনো রূপ-লাবণ্যে মুগ্ধতা ছড়ান। বয়স চার দশকের কাছাকাছি হলেও তার উপস্থিতিতে যেন ধরা দেয় পঁচিশের তরুণীর ঝলক।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে নজরকাড়া সাজে হাজির হন এই অভিনেত্রী। লাল গাউনে তার পরিচিত স্টাইল ও শরীরী অভিব্যক্তি উপস্থিত দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেগুলোতে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরাও। তবে সাজ-পোশাকের বাইরেও ওই আয়োজন থেকে পাওয়া গেছে নতুন খবর। আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে নির্মাতা অয়ন চক্রবর্তী তৈরি করেছিলেন ‘ঠাকুমার ঝুলি’। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া সিরিজটিতে ঠাকুমার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন শ্রাবন্তী।
সেই সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো চরিত্রটিতে ফিরছেন তিনি। তবে এবার বদলেছে নির্মাতা। নতুন সিরিজটি নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল।
প্রথম সিজনে অভিনয় করা রাহুল ব্যানার্জিও এবার থাকছেন না। কিছুদিন আগে তার মৃত্যু হওয়ায় নতুন কিস্তিতে আর দেখা যাবে না তাকে। এ বিষয়টি দর্শকদের মধ্যেও তৈরি করেছে আবেগ ও দুঃখবোধ।
হইচইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন শ্রাবন্তী। টলিউডের অনেক তারকার উপস্থিতিতে আয়োজিত এই মিলনমেলা তাকে আপ্লুত করেছে। পাশাপাশি এমন আয়োজন ও কাজের ধারাবাহিকতা বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
জ/উ