তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। এ সময় আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়।
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে। তবে কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নেওয়ার জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জ/উ