শত বছরের পৈতৃক ভিটা ও জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা, হুমকি-ধমকি এবং পুকুর থেকে মাছ নিয়ে যাওয়ার অভিযোগের প্রতিকার না পাওয়ায় রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাহিরচাপড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়া মৌজার কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই সম্পত্তি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র তাদের জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, সোয়েল বাসার, বাবুল মিয়া, স্বর্ণা আক্তার ও রোকেয়া বেগম।
বক্তারা অভিযোগ করেন, আনোয়ারুল ইসলাম সাগর, আল-আমীন, ওয়াজেদ আলী ফকির ও ফেরদৌস কবির রুমেলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটা ও জমি দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে ওই জমির পুকুর থেকে জোর করে মাছ নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিরোধপূর্ণ জমির বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা শান্তিপূর্ণভাবে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আসছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জ/উ