ডেঙ্গুর বিস্তার রোধে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন অংশ নেন। এছাড়া রোভার স্কাউট, বিভিন্ন যুব সংগঠন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানকালে নেত্রকোণা পৌর হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের উপযোগী স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জবাবদিহিকে বলেন, সরকারের তিন মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
তিনি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
জ/বা