স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট নয়, এককভাবে মাঠে নামছে এনসিপি

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-09T21:30:20+06:00
2026-09-09T21:30:20+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট নয়, এককভাবে মাঠে নামছে এনসিপি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম 
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে নির্বাচন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রার্থী হচ্ছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে দলীয়ভাবে পরে তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে গত ৩০ মার্চ ঢাকাসহ পাঁচ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি। তখন ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে ঢাকা উত্তরে আসিফ মাহমুদকে এবং দক্ষিণে তার পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।

প্রার্থিতা সামনে রেখে দুজনই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হয়েছেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা উত্তরে আসিফ মাহমুদ মেয়র পদে নির্বাচন করবেন। দক্ষিণে আমার নির্বাচন করার কথা রয়েছে। তবে দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার পরই বিষয়টি নিশ্চিত হবে।’

আসিফ মাহমুদও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ। প্রায় দুই সপ্তাহ আগে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে আমাকে ঢাকা উত্তরে এবং নাসীরুদ্দীনকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত হয়েছে। তবে দল পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে।’

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রার্থী হচ্ছেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অল্প ব্যবধানে তাকে হারিয়ে জয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ওই নির্বাচনে অংশ নেননি।

এনসিপি ও জামায়াতের সূত্রগুলোর ভাষ্য, এর আগে স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার নজির নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা স্থানীয় নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

তবে স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজনৈতিকভাবে ১১ দলীয় ঐক্য অটুট থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জোটভুক্ত দলগুলো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]