চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডের বিপক্ষে বার্সার পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-09T21:26:11+06:00
2026-09-09T21:26:11+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডের বিপক্ষে বার্সার পরীক্ষা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ইউরোপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আজ রাতে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে কাতালান ক্লাবটির প্রতিপক্ষ ডাচ জায়ান্ট ফেইনুর্ড। নতুন মৌসুমে হান্সি ফ্লিকের দলের দারুণ ছন্দে ইউরোপীয় মঞ্চেও বড় কিছুর প্রত্যাশা তৈরি হয়েছে।

২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে বার্সেলোনা। এসব ম্যাচে ১৭ গোল করার বিপরীতে মাত্র দুটি গোল হজম করেছে তারা। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ও তাদের আক্রমণাত্মক ফুটবলের প্রমাণ দিয়েছে। চ্যাম্পিয়নস লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন লক্ষ্য।

দলের বর্তমান অবস্থায় সন্তুষ্ট কোচ ফ্লিকও। তাঁর মতে, চ্যাম্পিয়নস লিগ জেতার মতো সামর্থ্য বার্সেলোনার রয়েছে। তবে সেই সক্ষমতা শুধু কাগজে-কলমে নয়, মাঠের পারফরম্যান্সেও প্রমাণ করতে হবে। খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও আত্মবিশ্বাসও এখন ভালো অবস্থায় রয়েছে বলে মনে করেন জার্মান কোচ।

২০১৫ সালের পর আর ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি বার্সা। গত দুই আসরে তাদের যাত্রা থেমেছে যথাক্রমে সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালে। ফলে এবার ফ্লিকের দলের ওপর প্রত্যাশাও বেশি। তবে আপাতত শিরোপার চিন্তা বাদ দিয়ে লিগ পর্ব পার করাই প্রথম লক্ষ্য বার্সেলোনার।

আজকের ম্যাচে আলাদা আবেগের জায়গা রয়েছে ফেইনুর্ড কোচ জিওভানি ফন ব্রঙ্কহোর্স্টকে ঘিরে। সাবেক এই ডাচ ফুটবলার বার্সেলোনার হয়ে খেলেছেন এবং ২০০৫-০৬ মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগজয়ী দলের সদস্য ছিলেন। শৈশবের ক্লাবে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম প্রতিপক্ষের ডাগআউটে দাঁড়িয়ে ক্যাম্প ন্যুতে ফিরছেন তিনি।

তবে ম্যাচের লড়াইয়ে আবেগের চেয়ে বাস্তবতাই বড়। ফেইনুর্ডের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ইরেডিভিসিতে এখনো অপরাজিত দলটি তিনটি জয় ও দুটি ড্র করেছে। প্রতিপক্ষের মাঠেও তাদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। চলতি মৌসুমে বাইরে খেলা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা; করেছে ৯ গোল, হজম করেছে তিনটি।

রিয়াল মাদ্রিদকে যেখানে ইন্টার মিলানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে শুরু করতে হচ্ছে, সেখানে বার্সেলোনার সামনে তুলনামূলক কম শক্তিশালী ফেইনুর্ড। তার ওপর ফ্লিকের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সার আক্রমণভাগ।

দলবদলের বাজারে বিশেষজ্ঞ স্ট্রাইকারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেই পজিশনে বড় কোনো সংযোজন হয়নি। হুলিয়ান আলভারেজকে দলে আনার চেষ্টাও সফল হয়নি। তবে মাঠের পারফরম্যান্সে এখনো সেই ঘাটতির প্রভাব দেখা যায়নি। রাফিনিয়া ও লামিন ইয়ামালের গতিময় ফুটবল এবং দলীয় আক্রমণই হয়ে উঠেছে বার্সার বড় অস্ত্র।

চার ম্যাচে ১৭ গোলের পাশাপাশি সুযোগ তৈরির দিক থেকেও বার্সেলোনার আধিপত্য স্পষ্ট। তিনটি ম্যাচে তাদের এক্সপেক্টেড গোলের (xG) পরিমাণ ছিল চার বা তার বেশি। অর্থাৎ গোলের সুযোগ তৈরিতেও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রয়েছে ফ্লিকের দল।

দুই ক্লাবের দীর্ঘ ইউরোপীয় ইতিহাস থাকলেও মুখোমুখি লড়াই হয়েছে খুব কম। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে ইউরোপিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ফেইনুর্ড। দুই লেগের সেই লড়াইয়ে কোনো গোল হজম না করে মোট ৩-০ ব্যবধানে জিতেছিল বার্সা।

প্রায় পাঁচ দশক পর আবারও ইউরোপীয় প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিহাস বার্সার পক্ষে থাকলেও বর্তমান ফেইনুর্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

চোটের কারণে বার্সেলোনার হয়ে আজ খেলতে পারবেন না ফ্রাঙ্কি ডি ইয়ং ও রুনি বার্দঘজি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রদ্রির সঙ্গে সংঘর্ষে নাকে চোট পাওয়া এরিক গার্সিয়ার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত মাঠে নামলে সুরক্ষার জন্য মুখে বিশেষ মাস্ক ব্যবহার করতে হতে পারে তাঁকে।

তবে স্কোয়াডের গভীরতা নিয়ে খুব বেশি চিন্তিত নন ফ্লিক। নতুন দলে আসা রদ্রি ও অ্যান্টনি গর্ডনের চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে ইউরোপীয় স্কোয়াডে জায়গা পাওয়া গ্যাব্রিয়েল জেসুসও কোচের গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন।

ফেইনুর্ডের সমস্যাও কম নয়। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান বোসের চোট দলটির জন্য বড় ধাক্কা। তাঁর অনুপস্থিতিতে লেফট-ব্যাক হিসেবে মিকা মারমোলকে দেখা যেতে পারে। তাঁর জন্যও ম্যাচটি বিশেষ। ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার মূল দলে মাত্র একটি ম্যাচ খেলার পর ক্লাব ছাড়তে হয়েছিল তাঁকে।

আক্রমণভাগেও বড় পরিবর্তনের মুখে পড়েছে ডাচ ক্লাবটি। দলবদলের শেষ দিনে গত মৌসুমের ইরেডিভিসির সর্বোচ্চ গোলদাতা আয়াসে উয়েদা লিলে চলে যাওয়ায় গোল করার প্রধান অস্ত্রটিকেই হারিয়েছে তারা। ফলে ভ্যালেন্সিয়ায় জন্ম নেওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড নাচো ফেরির দিকেই এখন বেশি তাকিয়ে থাকতে হবে ব্রঙ্কহোর্স্টকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]